চাটখিলে গাঁয়ে গলুদ অনুষ্ঠানে হামলা ফাঁকা গুলি বর্ষন- লুটপাট, আহত-৪

চাটখিল প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন ও ককটেল বিষ্ফোরন ঘটিয়ে কনেকে তুলে নেয়ার চেষ্টা চালায়।

সন্ত্রাসী হামলার সময়ে গায়ে হলুদ অনুষ্ঠানের লোকজন এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে কনের ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। কনেকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীদের হামলায় আবদুল মজিদ (৬০), পারভেজ (২২), জাহানারা (৫৫) ও রাকিব (২১) আহত হন। এ সময় এলাকার মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী সন্ত্রাসী  নিশাদ (২১) কে আটক করে গনধোলাই দেয়। আটক নিশাদ ওই ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার নামজা আক্তার এর ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিশাদকে উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

চাটখল থানা ওসি জহিরুল আনোয়ার জানান, ওই কনের সাথে নিশাদ এর প্রেমের সম্পর্ক ছিল। তাই তাকে জোর পূর্বক তুলে নিতে হামলার ঘটনা ঘটায়। তবে গুলি বর্ষনের ঘটনা ঘটেনি বলে ওসি দাবী করেন। ওই কনে স্থানীয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। তার বয়স ১৮ বছর পূর্ন না হওয়ায় ইউএনওর নির্দেশে গতকাল বুধবারে অনুষ্ঠিত বিয়ে পুলিশ প্রশাসন বন্ধ করে দেয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার কাজল বিয়ে বন্ধ হয়ে যাওয়ার কথা স্বীকার করে জানান,  বিয়ে অনুষ্ঠানের ভোজ উপস্থিত এলাকাবাসীকে খাওয়ানো হয়। বাল্য বিয়ের কারনে বর বিয়ে অনুষ্ঠানে আসেনি। গায়ে হলুদ অনুষ্ঠানে হামলার ঘটনায় ওই কনের জেঠা ইসমাইল হোসেন বাদী হয়ে চাটখিল থানায় গতকাল বুধবার একটি মামলা দায়ের করেন।