লক্ষীপুরে অজ্ঞাতনামা যুবকের লাশের পরিচয় পাওয়া গেল,পরিবারে কাছে হস্তান্তর

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ডোবা থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের লাশের পরিচয় মিলেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশ পরিবারের সদস্যদের কাছে লাশটি হস্তান্তর করেন।
নিহতের নাম মোস্তফা কামাল (৩২)। সে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার আলী আজমের ছেলে।মঙ্গলবার তার লাশ সনাক্ত করেন তার স্রী জান্নাতুল ফেরদৌস। নিহতের ১ শিশুকন্যা ও ১ শিশু পুত্র রয়েছে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোস্তফা কামাল ঢাকার ইসলামপুরের শুকরিয়া বস্ত্র বিতানে চাকরি করতেন। বৃহষ্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ঢাকা থেকে কুমিল্লার বাড়ির উদ্দেশ্য বের হয়। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার (২৬ জানুয়ারি) দোকানের মালিক জালাল আহম্মেদ মোস্তফা বাড়িতে যাওয়ার বিষয়টি স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে মোবাইল ফোনে জানায়। তিনি (মোস্তফা) বাড়িতে যাননি জানতে পেরে সম্ভাব্য স্থানে খোঁজ নেন দোকান মালিক। পরে শনিবার (২৭জানুয়ারি) তিনি ঢাকার সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-১১৪৬) করেন।
নিহতের স্ত্রী জানান, বিভিন্ন গণমাধ্যমে খবর জানতে পেরে মরদেহটি সনাক্ত করা হয়। পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করা হয়েছে। তিনি তার স্বামীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য সোমবার ( ২৯ জানুয়ারী) সকালে ঐ ডোবাতে জেলেরা মাছ ধরতে নামলে জেলে ফয়সাল ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। এ সময় অন্য জেলেদের শৌর চিৎকারে লোকজন ছুটে আসে।এর পর স্হানীয়রা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে
লক্ষ্মীপুর মডেল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, নিহতের স্বজনরা মরদেহের পরিচয় সনাক্ত করেছেন। পরে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। কি কারনে, কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে-তা উদঘাটনের চেষ্টা চলছে।
