লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

রামগতি সংবাদদাতা।।

লক্ষ্মীপুর জেলার  রামগতি উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে  দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুদ্বয়ের নাম রহিমা আক্তার নাইমা (৬) ও নুহা আক্তার (৫)।

মৃত রহিমা ও নুহা স্থানীয় দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্রী। রহিমা চরডাক্তার গ্রামের পাওটয়ারী বাড়ির সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

স্বজনরা জানায়, রহিমা ও নুহা দু’জনে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজেছে। পরে বাড়ির তাদের পুকুরে লাশ ভাসতে দেখে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।