টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা চলচ্চিত্রে আসাদুজ্জামান নূর ও তারানা হালিম

অনলাইন ডেস্ক।।

প্রায় ২৬ বছর আগে একসঙ্গে জুটি বেঁধে নাটকে অভিনয় করলেও সিনেমায় দেখা যায়নি আসাদুজ্জামান নূর ও তারানা হালিমকে।

এবার প্রথমবারের মত সিনেমায় জুটি বাঁধছেন এই দুই সাবেক মন্ত্রী। সরকারি অনুদানে নির্মিত মুশফিকুর রহমান গুলজারের টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা সিনেমায় জাতির পিতা বঙ্গবন্ধু’র বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করবেন নূর-তারানা।

টেলিভিশনের পর্দায় একসময় খুবই জনপ্রিয় এবং সফল জুটি ছিলেন তারা। আশা করা হচ্ছে এই চলচ্চিত্রেও তাদের শ্রম ও যাত্রা সফল হবে।

এই ছায়াছবিতে এবার বঙ্গবন্ধু চরিত্রে দেখা যাবে নতুন কোনো মুখ। এখানে নাট্যজন মামুনুর রশীদকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

ধারণা করা হচ্ছে তাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ও বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে দেখা যাবে।

বিটিভিতে ১৯৯৪ সালে প্রচারিত হয় ‘হিমু’ শিরোনামের নাটক। সেখানে রুপা চরিত্রে অভিনয় করেন তারানা হালিম। তার বিপরীতে হুমায়ুন আহমেদের সৃষ্ট জনপ্রিয় হিমু চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর। সে নাটক দারুণ দর্শকপ্রিয়তা পায়।

বঙ্গবন্ধুর জীবনীর উপর নির্মিত হবে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ চলচ্চিত্রটি। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এ ছবির জন্য চলতি অর্থ বছরে সর্বোচ্চ ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাবেন।