লক্ষ্মীপুরে গৃহবধূকে হত্যার ৫দিন পর কবর থেকে লাশ উদ্ধার: শ্বশুর কারাগারে

নিজস্ব প্রতিবেদক ।।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন এলাকায় মৃত্যুর পাঁচদিন পর সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় সুমাইয়ার মা কোহিনূর বেগম খুকি চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
বুধবার(১০ ফেব্রুয়ারি )দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থান থেকে সুমাইয়ার মরদেহ উত্তোলন করা হয়।এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপা মনি দেবী, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন এবং মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
সুত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে স্বামীর বাড়ীতে গৃহবধূ সুমাইয়ার মৃত্যু হলে পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে নিহত গৃহবধূর মাতা কহিনূর বেগম খুকি মেয়ে হত্যার অভিযোগে তার শ্বশুরকে একমাত্র আসামী করে ৬ ফেব্রুয়ারী চন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। থানায় মামলা হওয়ার পরে নিহত সুমাইয়ার শ্বশুর আমির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, প্রায় ৩ বছর আগে বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিনের সঙ্গে সুমাইয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছরের একটি মেয়ে রয়েছে। তুহিন ঢাকার একটি বেসরকারি কম্পানিতে চাকরি করেন। বিয়ের পর থেকেই শ্বশুর আমির প্রায়ই সুমাইয়াকে বকা দিতেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে একপর্যায়ে সুমাইয়াকে তার শ্বশুর পিটিয়ে হত্যা করে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্ট্রোকের ঘটনা সাজিয়ে পর দিন ৬ ফেব্রুয়ারি সকালে শ্বশুর বাড়ির লোকজন সুমাইয়ার মরদেহ তড়িঘড়ি করে কবর দিয়ে দেয়। কিন্তু দাফনের পর সুমাইয়ার মা কোহিনূর বেগম হত্যার অভিযোগ এনে আমিরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করে। পরে আবেদনের প্রেক্ষিতে আদালত লাশ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।
চন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন বুধবার নাগরিক কাগজকে অবগত করেন গৃহবধূ সুমাইয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়। পরে জেলা ম্যাজিস্ট্রেট অনুমতি নিয়ে একজন ম্যাজিস্ট্রেটের উপস্হিতে ১০ ফেব্রুয়ারী দুপুরে ৫দিন পরে কবর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
